
দেশব্যাপী আওয়ামী লীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারৈয়ারহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
বিক্ষোভ মিছিলটি বারৈয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রীন টাওয়ারের নিচে এসে মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও জনদুর্ভোগের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে জনগণের পাশে থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মিরসরাইয়ে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।
এসময় উপজেলা ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








