
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় ডিআর উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনের পাকা সড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে এসআই মো: মহিন উদ্দিন, এসআই সুমন তালুকদার, পিএসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া, এএসআই আবুল বাশার, এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের শাকিল ভূঁইয়ার ছেলে হাসান ভূঁইয়া(১৮), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (১৮), রফিকুল ইসলামের ছেলে তানজিদ (১৮), হান্নান ভূঁইয়ার ছেলে হানিফ ভূঁইয়া (১৯), আব্দুল আজিজের ছেলে মহিনুল ইসলাম (১৮), বিল্লাল ভূঁইয়ার ছেলে হৃদয় ভূঁইয়া (১৪), আল আমিনের ছেলে মাসুদ (১৪), মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন (১৬), চৌধুরীকান্দি গ্রামের জামাল মিয়ার ছেলে শাহেদ (১৮), একই গ্রামের মো: বজলুর ছেলে আতিক (১৮), ভুবনঘর মধ্যপাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসিফ (১৮), মোচাগড়া গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে মোবারক (১৯) ও মুরাদনগর কলেজপাড়ার শুক্কুর আলীর ছেলে তানভীর হোসেন (১৪)।
গ্রেফতার আসামিদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে। তাদের মধ্যে হৃদয় ভূঁইয়া, তানভীর হোসেন ও মাসুদের বয়স ১৪ বছর এবং ইয়াছিনের বয়স ১৬ বছর। পুলিশ তাদেরকে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।








