নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নয়া দিগন্ত

ময়মনসিংহের নান্দাইলে জুয়া প্রতিরোধ, মাদককারবারি ও নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কোনো চিহ্নিত মাদককারবারি নান্দাইলে থাকতে পারবেন না।’ তিনি মুশুলী ইউনিয়ন ও নান্দাইল চৌরাস্তা এলাকায় চিহ্নিত মাদককারবারিদের দ্রুত গ্রেফতারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সভায় নাম-পরিচয়বিহীন ভুয়া সংবাদ আইডি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘মিথ্যা তথ্য ও অপতথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।’ ভুয়া ফেসবুক আইডি শনাক্তে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় কৃষিপণ্যের সার নিয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন ইয়াসের খান চৌধুরী।

বাস পোড়ানোর কয়েকটি ঘটনায় বিএনপিকে সামগ্রিকভাবে দায়ী না করে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় দলীয়ভাবে নয়; রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’ একইসাথে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে সভা-সমাবেশ ও মিছিল অব্যাহত রাখার পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দেন তিনি।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, নান্দাইলের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শামীমা সুলতানা, কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, রাজনৈতিক সদস্য মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী ও মহিলা সদস্য ফারহানা বিনতে ইভাসহ অন্যরা।

সভায় নান্দাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডি শনাক্ত ও সার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভা শেষে প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। একইসাথে স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।