
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূর হবে।’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় শ্রমিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন।
দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, শ্রমিকরা তাদের কাজ বন্ধ রাখলে দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে। দেশের সকল শিল্প, কলকারখানাসহ সকল ক্ষেত্রই শ্রমিকরা সচল রেখেছে। সকল উন্নয়নের মূল কারিগর শ্রমিকরা হলেও, শ্রমিকদের উন্নয়ন হয় না। কিন্তু ঠিকই এই শ্রমিকদের পরিশ্রমের কারণে কেউ বাড়ি-গাড়ি অট্টালিকা গড়ছে, কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে শ্রমিক ও মালিকদের মধ্যে বৈষম্য। এই বৈষম্যটা তখনই দূর হবে, যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেই ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এ জন্য আপনাদেরকেই ন্যায়পরায়ণ লোকদের সংসদে গিয়ে কথা বলার সুযোগ করে দিতে হবে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের শ্রম ও ঘামের বিনিময়ে আজকে অনেকে টাকার পাহাড় গড়েছে, শতকোটি টাকার মালিক হয়েছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের, শ্রমিকদের পোশাকের, শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন হয় না। পরিবারের ভালোমতো ভরণ-পোষণ দিতে পারে না, সন্তানদের ভালো জায়গায় লেখাপড়া করাতে পারে না।’
এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে সকল প্রকার দল ও মতের ঊর্ধ্বে নিবেদিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান। তারা আমার কাছে আসে বা আমি যাদের কাছে যাই, সবার সাথেই আন্তরিকভাবে কথা বলি এবং মিশে থাকি। যাকে যেভাবে প্রয়োজন সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করি। তাদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী; এই দেশটা আমাদের সকলের। এখানে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। সুতরাং এখানে ধর্মীয় বা অন্য কোনো বিভেদ তৈরির সুযোগ নেই।’
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, আকচা ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাহারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








