
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম পেপারলেস করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পুরোনো নথি আর্কাইভে নেয়ার পাশাপাশি দাফতরিক কাজে ডি-নথির ব্যবহার আরো বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের আয়োজনে ‘Enhance Technical and Administrative Skills for National University Officials’ শীর্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮৩ জন কর্মকর্তাকে সনদ দেয়া হয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পেপারলেস হচ্ছে। ডি-নথিতে যারা মাস্টার ট্রেনার আছেন, তাদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। পুরোনো নথিগুলো আর্কাইভে নিয়ে যাব। এ ধরনের প্রশিক্ষণ চলতে থাকবে।’
তিনি বলেন, ‘প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজেও পরিবর্তন আনতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগানো গেলে দাফতরিক কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসেন। প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর ও অতিথিরা।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







