ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে ৭০ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোম্পানি লিমিটেড’ নামে এক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তাদের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল। আর কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল না।

কারখানায় ঢুকে তারা চীনা কর্মকর্তার গলায় ছুড়ি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।

কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর বলেন, ‘আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে, এরপর বলেছে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। চেহারায় মাস্ক পরা ছিল। আর আমার হাত-পা বাঁধা ছিল।’

কারখানার ম্যানেজার বলেন, আমাদের কারখানার নাম জিয়াংশু স্টোরেজ ব্যাটারি কোম্পানি লিমিটেড। আমি ম্যানেজার হিসেবে কর্মরত আছি। গতকাল রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে দুর্বৃত্তরা চায়নিজকে হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান বলেন, গতকাল রাত ১২টার পরে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। পরে চায়নিজ নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দেয়া তথ্য অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব।