
উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নতুন করে ৪৯২টি ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদ সৃষ্টির উদ্যোগকে ঘিরে নিয়োগ কাঠামো ও পেশাগত স্বকীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পদটির গ্রেড ও নিয়োগযোগ্যতা স্পষ্ট করা এবং ভেটেরিনারি পেশার স্বতন্ত্র কাঠামো সুরক্ষাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেন তারা। কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেন অনুষদের শিক্ষকরা।
শিক্ষার্থীদের দাবি, জনসংখ্যা ও প্রাণিসম্পদ বৃদ্ধির সঙ্গে প্রাণিজ আমিষ, প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যসেবার চাহিদা বাড়লেও মাঠপর্যায়ে ভেটেরিনারি জনবল সে অনুপাতে বাড়েনি। প্রায় ছয় দশক আগে উপজেলা পর্যায়ে প্রাণিসেবা কাঠামো গড়ে উঠলেও অনেক উপজেলায় সীমিত জনবল দিয়ে পুরো এলাকার প্রাণিচিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরো ২৪৬টি—দুই অর্থবছরে মোট ৪৯২টি ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের আশঙ্কা, পদটির গ্রেড, নিয়োগযোগ্যতা ও দায়িত্বের কাঠামো যথাযথভাবে নির্ধারিত না হলে ভবিষ্যতে ভেটেরিনারি জনবল ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে।
মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—নতুন পদটি নবম গ্রেডে উন্নীত করে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ; ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতির মাধ্যমে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ এবং প্রতি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টি করে এসব পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: নাসিম আহম্মেদ বলেন, ‘প্রাণিসম্পদ খাত শুধু দুধ, ডিম ও গোশতের উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রাণীর রোগ নিয়ন্ত্রণ, প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করার সাথেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। তাই মাঠপর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ভেটেরিনারি জনবল নিশ্চিত করা জরুরি।’
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।







