ফখরুল ইসলাম, মুফতি আবদুল হান্নান, পুরস্কার বিতরণী, সিরাতুন্নবী, ইসলামী ছাত্রশিবির, সিরাত অলিম্পিয়াড, ফেনী সরকারি কলেজ
ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে নয়া দিগন্ত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রোববার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম মামুন অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। এছাড়া স্বাগত বক্তব্য দেন সংগঠনের শহর মিডিয়া বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন ‘রাসূল সা. জীবনী নিয়ে চর্চা হওয়া প্রয়োজন। রাসূল সা.-এর জীবনী নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। রাসূল সা. যে আদর্শ রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত। রাসূল সা. এসেছেন দ্বীন কায়েমের জন্য। তিনি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন।’

তিনি বলেন, ‘আমরা আল্লাহর রাসূল সা.-এর জীবন অনুযায়ী নিজেদের গড়বো। আমাদের নিজেদের আল্লাহর কোরআন অনুযায়ী গড়তে হবে। আজকের তরুণ প্রজন্ম আগামীর নেতৃত্ব দিবে। এখানে তোমরা যারা আছো তোমরাই আগামীর ভবিষ্যত। তোমরা রাসূল সা.-এর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের গড়বে।’

প্রধান আলোচক ফখরুল ইসলাম বলেন, ‘আল্লাহর রাসূল সা. আমাদের যেভাবে পথ দেখিয়েছেন আমরা আমাদের জীবনকে সেভাবে সাজাবো। আর সেভাবে সাজাতে হলে আল্লাহর পাঠানো কোরআন আমাদের তেলোয়াত করবো। আমরা রাসূল সা. যতগুলো বই আছে, লেখা আছে সব আমাদের পড়তে হবে। আমাদের বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আমাদের চালচলনে রাসূল সা.-এর আদর্শ থাকা উচিত।’

অলিম্পিয়াডে অংশ নেয়া চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পাঁচজনকে নগদ অর্থসহ পুরস্কার দেয়া হয়। এছাড়া ৫০ জনকে ক্রেস্ট ও গিফট ব্যাগ দেয়া হয়েছে।