আগুন
আগুনে পুড়ে যাওয়া বাস নয়া দিগন্ত

 

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। রাত ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘খবর পাওয়ার পরপরই দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে আগুনের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আগুনের সাথে সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জব্দ করা আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আগুনের প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’