
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী যুবলীগের মশাল মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের তথ্য জানানো হয়।
লোহাগড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাতে লোহাগড়া উপজেলার কোনো একটি অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। তবে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর লোহাগড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো: শরিফুল ইসলাম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লোহাগড়া পৌরসভার সাবেক দুই কমিশনার সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন ফরিদ শেখ (চর মল্লিকপুর), কামরুজ্জামান কচি (কাশিপুর), বাদশা মোল্লা (নলদি), আল আমিন গাইন (কাশিপুর), মোজাম কমিশনার (গোপীনাথপুর), সৈয়দ বিপ্লব (লক্ষ্মীপাশা), অপি (কাশিপুর), মহাসিন মোল্লা (পোদ্দারপাড়া) ও আনিস কমিশনার (কলেজপাড়া)।
পুলিশ সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মিছিলসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছায় শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।







