
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ করে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, ‘যারা ফ্যাসিবাদী ছিলেন এবং দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তারা যেমন তারেক রহমান দেশটাকে ভালোভাবে চালাক, দেশ সুন্দরভাবে চলুক—এটা চান না; রুমিন ফারহানাও তাদের মতো একজন। তিনি এখন ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনে ব্যস্ত।’
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরাইল উপজেলার শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদাপুর আল-হেরা ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী সা: মহাসম্মেলনে বয়ান শেষে স্থানীয় একটি ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনকালে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রুমিন ফারহানাকে ‘দ্বিতীয় তাসলিমা নাসরিন’ আখ্যা দিয়ে তার বক্তব্যের সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে একজন তাসলিমা নাসরিন প্রয়োজন। আমার আসনের যিনি এমপি, তিনি দ্বিতীয় তাসলিমা নাসরিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণরূপে ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করেছেন।’
রুমিন ফারহানার সংসদে দেয়া বক্তব্যের সমালোচনা করে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ‘সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি বিএনপির বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। বিএনপির নুন-নিমক খেয়ে তিনি বড় হয়েছেন। নেত্রী তাকে বিএনপিতে এনেছেন। অথচ আজ সেই বিএনপির বিরুদ্ধেই তিনি কথা বলছেন।’
তিনি বলেন, ‘তিনি যা বলেছেন, গোটা জাতি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ‘আমি বিএনপি জোট থেকে নির্বাচন করেছি। যদিও পাস করতে পারিনি, আমি কোনো দাবি নিয়ে তারেক রহমানের কাছে গেলে তিনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বলে আশা করি।’
এ সময় তিনি এলাকার রাস্তাঘাটের সংস্কারের বিষয়ে কাজ করার আশ্বাস দিয়ে জানান, ‘এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরবেন এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য কাজ করবেন।’







