
ঝালকাঠির কাঠালিয়ায় আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কৈখালী বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন কসমেটিক্স দোকানদার ফিরোজ, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী মন্টু, কসমেটিক্স গুদামের মালিক সবুজ খান , অপটিক্যাল ফাইবার ব্যবসায়ী হাসান মৃধা, মুদি দোকানী লিটন, মতি মোল্লা, লিটন মুন্সী, টিভি সার্ভিসিং সেন্টার আব্দুল কাদের। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, কৈখালী বাজারে ফিরোজের কসমেটিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যেই অন্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন।
ইউএনও মো: মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঘর তোলার জন্য ঢেউটিন দেয়ার আশ্বাস দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: খলিলুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।’







