
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। আগামী ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেয়ার শেষ সময় ১০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারা অংশ নিতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে করবেন ফরম পূরণ
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করতে হবে।
এরপর সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে নির্বাচিতদের তালিকা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে। পরে অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
ফরম পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফরম পূরণের সময়সূচি
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ : ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬।
সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ : ১০ নভেম্বর ২০২৬।
পরীক্ষার ফি কত?
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।
যেভাবে জমা দেবেন ফি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ নেই।
আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








