
মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এ পরীক্ষা কিছুটা পেছানো হতে পারে। তবে নতুন করে পরীক্ষার তারিখ এখনো ঠিক করা হয়নি। দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা: রুবীনা ইয়াসমীন বলেন, পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। তবে কবে নাগাদ নতুন তারিখ ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্র জানায়, ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে এইচএসসির পুনঃপরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তবে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের মতো মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তারা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেই নির্দেশনা অনুসরণ করেই পরীক্ষা আয়োজন করা হবে।
এর আগে, চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এইচএসসির পুনঃপরীক্ষার জন্য তা পিছিয়ে দেয়া হলো।
এদিকে, গত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার দুই দিন পর ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








