
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের জন্য ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদফতর।
আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ সংক্রান্ত নীতিমালা অনুসরণের নির্দেশনা দেয়া হয়। এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগ এই নীতিমালা জারি করে।
নির্দেশনায় বলা হয়, বঙ্গভবনের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে মাদরাসার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পরিদর্শনের সুযোগ পাবে।
ভ্রমণ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, প্রতিটি দল থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী এবং তাদের তত্ত্বাবধানে তিন থেকে চারজন শিক্ষক বা প্রতিনিধি এই ভ্রমণে অংশ নিতে পারবেন। পরিদর্শনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
পরিদর্শনের মোট সময়কাল নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা বঙ্গভবনের তোশাখানা জাদুঘর পরিদর্শন, বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম বিষয়ক ভিডিও প্রদর্শন, মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেলটার এবং হরিণপার্ক ঘুরে দেখার সুযোগ পাবে।
নিরাপত্তাজনিত কারণে বঙ্গভবন প্রাঙ্গণে মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস এবং কোনো ধরনের ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী যানবাহন বঙ্গভবনের বাইরে নির্ধারিত স্থানে রাখতে হবে। পরিদর্শনের স্মৃতি ধরে রাখতে বঙ্গভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ছবি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করা হবে, যার জন্য একটি পেনড্রাইভ সাথে আনতে হবে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








