
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ১৮ জনের নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজনের নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল এবং একজনের পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুযায়ী, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর ভাইস চ্যান্সেলরের (ভিসি) অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
আদেশে বলা হয়, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(৭) ধারার অপরাধে ৬(২) উপধারা অনুযায়ী ১৮ শিক্ষার্থীর সংশ্লিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একজন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের দু’জন, ফাইন আর্টস বিভাগের একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন, লোকপ্রশাসন বিভাগের তিনজন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দু’জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারজন রয়েছেন।
এছাড়া অধ্যাদেশের ৫(১) ধারার অপরাধে ৬(১) উপধারা অনুযায়ী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন ও সমাজকল্যাণ বিভাগের একজন শিক্ষার্থীর নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
অন্যদিকে, অধ্যাদেশের ৫(১১) ধারার অপরাধে ৬(৩) উপধারা অনুযায়ী বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসাথে পরবর্তী এক সেমিস্টারের সব পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








