এইচএসসি রেজাল্ট
সংবাদ সম্মেলন। নয়া দিগন্ত

সিলেটে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। ১৩ বছরের মধ্যে এবার সবচেয়ে কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। যা গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৪ জন।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলেনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস জাহান বেগম।

এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী ছিলেন।

গত বছর ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। 

গতবছর জিপিএ-৫ পান এক হাজার ৬০২ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিলো ৮৫ দশমিক ৩৯ ভাগ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ ভাগ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ ভাগ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ ভাগ, আর ২০২০ সালে শতভাগ, ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২ ভাগ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ ভাগ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ এবং ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬।

বোর্ড সংশ্লিষ্টরা জানায়, ২০২০ সালে করোনাকালীন সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করিয়ে দেয়া হয়। সেই বার ফলাফল প্রস্তুতিতে বিগত বছরের এসএসসির ফল বিবেচনায় নেয়া হয়। আর ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং জেএসসি ও এসএসসি পরীক্ষার কিছু নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছিল।

যার ফলে পাসের হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।

এদিকে, এবারের ফলাফল বিপর্যয়ে সিলেটে উদ্বেগ ছড়িয় পড়েছে। অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন সিলেটের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরে আনতে এখন কার্যকর উদ্যোগ নেয়ার সময় এসেছে।