রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী
রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী। নয়া দিগন্ত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। একই সাথে হামলার সুষ্ঠু বিচার ও ছাত্রদল সভাপতির ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছেন তাারা।

Advertisement

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম তুহিন বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হামলায় ক্যাম্পাসের চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়া পদক্ষেপকে যথেষ্ট মনে করছেন না সাংবাদিকরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবকে সাময়িক বহিষ্কার করা হলেও ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত আহসান হাবীবের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ঘটনার অধিকতর তদন্তে কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

এ ছাড়া আহসান হাবীবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবের স্থায়ী বহিষ্কার এবং অভিযোগের সত্যতা ও অপরাধের মাত্রা বিবেচনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর বক্তব্যের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের মতে, এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

এদিকে, হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বারবার হুমকি দেয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে রাবি প্রেস ক্লাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও ছাত্রদল সভাপতি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি।

সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।