র‍্যাগিং, বহিষ্কার, অর্থদণ্ড, শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ৭৭তম রিজেন্ট বোর্ড সভার ৭৭.২০ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এসব শাস্তির অনুমোদন দেয়া হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে মা-বাবাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দিতে বলা হয়েছে।

দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো: নাজমুস সাকিব। এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অন্যদিকে, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা ও সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগিং দেয় সিনিয়র শিক্ষার্থীরা।  

একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন নামে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি অতিরিক্ত ঘামতে থাকেন এবং তার মধ্যে প্যানিক অ্যাটাকের লক্ষণ দেখা যায়। পরে রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করেন। পরে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।