জাতীয় বিশ্ববিদ্যালয়, ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬
কক্সবাজারে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভিসি আমানুল্লাহ সংগৃহীত

শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর কক্সবাজার জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ড. আমানুল্লাহ বলেন, ‘শিক্ষাকে আনন্দময় ও প্রাণবন্ত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শিক্ষার্থীদের কেবল সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জয়-পরাজয় মেনে নেয়ার ইতিবাচক মানসিকতা তৈরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম আরো গতিশীল করবে।’

বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় পর্যায়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো: মফিজুল হকের সভাপতিত্বে দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার নয়টি কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী মোট ১১টি ইভেন্টে (তিনটি দলীয় ও আটটি একক) অংশ নেন। জেলা পর্যায়ের বিজয়ীরা পরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উদ্বোধন শেষে ভিসি ড. আমানুল্লাহ কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ল্যাব পরিদর্শন করে আধুনিকায়নের নির্দেশনা দেন এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সূত্র : বাসস