
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। দায়িত্ব নেয়ার পর গত দুই বছরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেয়া বিভিন্ন উদ্যোগ এবং এর মাধ্যমে পরিবর্তন আনার প্রচেষ্টার বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপন, দ্রুত পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও আইসিটি শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের উদ্যোগ তুলে ধরা হয়। প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন ও দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সাথে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানানো হয়।
কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার উদ্যোগ এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন ভিসি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ভিসির নেতৃত্বে প্রতিনিধি দলে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো: নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







