জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। 

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো: নাজমুল হোসাইন তার সাথে ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর আসন বিন্যাস, পরীক্ষার পরিবেশ ও দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

পরে তিনি বলেন, ‘মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ভর্তির সুযোগ দিতে এ পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন ও উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগমসহ কলেজের শিক্ষক-কর্মকর্তারা পরীক্ষার কার্যক্রমে সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল খুব শিগগিরই www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে প্রকাশ করা হবে।