জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে রুহুল কবির রিজভী
জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে রুহুল কবির রিজভী। সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সারাদেশের পূজামণ্ডপগুলোতে স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে রিজভী বলেন, সভায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করা এবং সার্বিকভাবে তারা যেন দুর্গাপূজার উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগ করে নিতে পারেন, তা নিয়ে নেতারা আলোচনা করেন। পাশাপাশি, দলের নেতাকর্মীরা কীভাবে স্থানীয় পূজামণ্ডপের পূজা কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, সে বিষয়েও আলোচনা করা হয়।

তিনি বলেন, নানাভাবে দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা কেউ কেউ করছেন। সব ধরনের অপপ্রচার, অপকীর্তি এবং ষড়যন্ত্রকে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে, দক্ষ পরিচালনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে এবং আমাদের দলের নেতাকর্মীরা এ বিষয়ে সদা সতর্ক থাকবেন। তারা ঘুমহীন প্রহরীর মতো প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন এবং প্রহরীর ভূমিকা পালন করবেন। এ বিষয়ে করণীয় এবং ইতোমধ্যে আমরা কী করেছি, সেসব নিয়ে আলোচনা করা হয়েছে।

রিজভী বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। এর আগেও আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা এ বিষয়ে অত্যন্ত কনসার্ন। আমরা প্রত্যেকে সজাগ আছি।

বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, আমাদের পরবর্তী করণীয় কী, কীভাবে সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধি করব ইত্যাদি নিয়ে আমাদের নেতারা আলোচনা করেছেন।