
চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, তারা হলেন সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, এই সাতজন আসামি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। আমরা এভিডেন্স জমা দিয়েছি।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








