সাইবার যুদ্ধ, আক্রমণাত্মক সাইবার হামলা,  ব্রিটেন,
প্রতীকী ছবি। সংগৃহীত
ads

রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার হামলা চালাচ্ছে যুক্তরাজ্য। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা প্রথমবারের মতো প্রকাশ্যে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সাইবার হামলার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার ফোর্স শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এসব অভিযান চালাচ্ছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু সোমবার (২৩ নভেম্বর) আরো জানায়, যুক্তরাজ্যের সাইবার অ্যান্ড স্পেশালিস্ট অপারেশনস কমান্ডের প্রধান জেনারেল রব ম্যাগোয়ান এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে চার তারকাবিশিষ্ট এই পদে দায়িত্ব নেয়ার পর স্কাই নিউজকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের ক্ষেত্রে সাইবার ক্ষেত্রের গুরুত্ব দিন দিন বাড়ছে।

ন্যাশনাল সাইবার ফোর্স আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ম্যাগোয়ান বলেন, ‘অবশ্যই। এ বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান জানিয়েছি।’

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে নানা ধরনের হুমকি রয়েছে। আমরা স্পষ্ট করেই বলেছি, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া আমাদের জীবনযাত্রার জন্য হুমকি। এসব দেশ সাইবার জগতে অভিযান চালাচ্ছে।’

ম্যাগোয়ান আরো বলেন, ‘সাইবার ক্ষেত্রে এ ধরনের অভিযান চালানোর জন্য যে মূল্য দিতে হবে, তা তাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আমাদের সাইবার বাহিনীর কাজই হলো সে মূল্যের বিষয়টি নিশ্চিত করা।’

তবে ন্যাশনাল সাইবার ফোর্সের অভিযান শুধু রাষ্ট্রীয় প্রতিপক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। সংগঠিত অপরাধী চক্র এবং ইন্টারনেটে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও তাদের লক্ষ্যবস্তু। বিশেষ করে শিশুদের ক্ষতি করে, এমন অনলাইন কর্মকাণ্ডের বিরুদ্ধেও কাজ করছে বাহিনীটি। ম্যাগোয়ান বলেন, ‘যারা অনলাইনে ক্ষতি করছে, এমনকি আমাদের শিশুদেরও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ন্যাশনাল সাইবার ফোর্সের তৎপরতার অংশ।’

নতুন সদর দপ্তর উদ্বোধন

চলতি সপ্তাহের শুরুতে ল্যাঙ্কাশায়ারের স্যামলসবারিতে ন্যাশনাল সাইবার ফোর্সের নতুন সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজা তৃতীয় চার্লস। বাহিনীটির কার্যক্রমের বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও এর বেশির ভাগ অভিযান যুক্তরাজ্যের বিভিন্ন স্থাপনা থেকে পরিচালিত হয়। এর মধ্যে স্যামলসবারির রিবল হাউসও রয়েছে।

ম্যাগোয়ান জানান, শত্রুপক্ষের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেই নেটওয়ার্কের ভেতরে অভিযান চালাতে বাহিনীটি কম্পিউটার নেটওয়ার্ক এক্সপ্লয়টেশন পদ্ধতি ব্যবহার করে। তিনি বলেন, ‘এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রতিপক্ষের প্রযুক্তিগত কাঠামো ও নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারি। একই সাথে ওই নেটওয়ার্কের ভেতরে কার্যকর অভিযান চালানোর সক্ষমতাও আমাদের রয়েছে।’

যুক্তরাজ্যের জন্য সাইবার হুমকি এখন ‘গুরুতর’ বলে মন্তব্য করেছেন ম্যাগোয়ান। তিনি বলেন, নতুন কোনো হুমকি দেখা দিলে তার জবাব দিতে সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ করে দিয়েছে দেশটির আক্রমণাত্মক সাইবার সক্ষমতা।