
চীনের উৎপাদন খাত অক্টোবরে আবারো সংকোচনের মুখে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
তবে উচ্চপ্রযুক্তি খাতে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও ভোগ্যপণ্যের বাজারে চাহিদা কমে যাওয়ায় সামগ্রিক উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে।
চীনের শিল্প খাতের অবস্থা পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অক্টোবরে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩ পয়েন্টে। এ সূচকের ৫০ পয়েন্টের বেশি হলে উৎপাদন খাতের সম্প্রসারণ এবং ৫০ পয়েন্টের নিচে হলে সংকোচন বোঝায়।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) প্রকাশিত এ তথ্য অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও খারাপ। ব্লুমবার্গের জরিপে অর্থনীতিবিদেরা পিএমআই ৪৯ দশমিক ৯ পয়েন্ট হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। সেপ্টেম্বরে এ সূচক ছিল ৫০ দশমিক ১ এবং আগস্টে ৪৯ দশমিক ৮ পয়েন্ট।
তবে জুলাই মাসের ৪৯ দশমিক ২ পয়েন্টের তুলনায় অক্টোবরে সূচক কিছুটা বেশি রয়েছে।
এনবিএসের পরিসংখ্যানবিদ হুও লিহুই জানান, মাসের শুরুতে এক সপ্তাহের জাতীয় ছুটি এবং ‘জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি’ উৎপাদন খাতের কার্যক্রম কমে যাওয়ার অন্যতম কারণ।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় কয়লা, রাবার ও প্লাস্টিকজাত পণ্যের দামও বেড়েছে।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত সম্প্রসারণের ফলে উচ্চপ্রযুক্তি শিল্পে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তবে ভোগ্যপণ্য উৎপাদন খাতের পিএমআই সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে ১ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমেছে।
হুও বলেন, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, ‘বাজারের কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছে’।
দেশীয় বাজারে চাহিদার দুর্বলতা চীনের রফতানি সক্ষমতার ওপরও চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে বেইজিং। কয়েক দশকের মধ্যে এটি দেশটির অন্যতম কম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।
পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝি ওয়েই ঝাং বলেন, ‘শুধু শক্তিশালী রফতানির ওপর নির্ভর করে অর্থনীতির গতিশীলতা বাড়ানো সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘২০২৭ সালে বৈদেশিক চাহিদা কমে গেলে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চীনকে আরো উল্লেখযোগ্য নীতিগত সহায়তা দিতে হবে।’
এদিকে, উৎপাদন খাতের বাইরের সেবা ও নির্মাণসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থা পরিমাপকারী নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই অক্টোবরে ৪৯ দশমিক ৭ পয়েন্টে নেমে এসেছে।
ব্লুমবার্গের পূর্বাভাসে এ সূচক ৫০ পয়েন্ট হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে এটি ছিল ৫০ দশমিক ২ পয়েন্ট।
এনবিএসের পরিসংখ্যানবিদ হুও জানান, কয়েকটি সেবা খাতের ব্যবসায়িক কার্যক্রমে মন্দাভাব, বিশেষ করে আর্থিক খাতের দুর্বলতা এ সূচকের পতনে ভূমিকা রেখেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








