
ইরান যুদ্ধের প্রভাব এখনো বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পড়ছে। এর জেরে চীনে আবারো বাড়ছে পেট্রোল ও ডিজেলের খুচরা দাম। তবে দেশের বাজারে এর চাপ কমাতে দাম বাড়ানোর পরিমাণ নির্ধারিত হারের চেয়ে কম রাখা হয়েছে।
আল জাজিরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এ তথ্য জানিয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি মেট্রিক টন পেট্রোলের দাম ৩৯৫ ইউয়ান (৫৮ দশমিক ৮৫ ডলার) এবং ডিজেলের দাম ৩৮৫ ইউয়ান করে বাড়বে।
চীনের নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী, দাম বাড়ার কথা ছিল আরো বেশি। এনডিআরসি জানিয়েছে, বিশ্ববাজারের দামের ভিত্তিতে পেট্রোলের দাম প্রতি টনে ৮৩০ ইউয়ান এবং ডিজেলের দাম ৮০০ ইউয়ান বাড়ানোর কথা ছিল।
তবে অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব কমাতে সরকার দাম বাড়ানোর পরিমাণ কমিয়ে দিয়েছে।
সর্বশেষ সমন্বয়ের পর চীনে খুচরা পেট্রোলের দাম দাঁড়াবে ইরান যুদ্ধ শুরুর আগের নির্ধারিত দামের চেয়ে ২৪ শতাংশ বেশি। ডিজেলের দাম হবে ২৬ শতাংশ বেশি।
ইরান যুদ্ধ শুরুর আগে সর্বশেষবার দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় চীন এর আগে কয়েক দফা খুচরা জ্বালানির দাম সমন্বয় করেছে।








