
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের দু’টি করে শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। গত মাসে দেয়া প্রতিশ্রুতির তুলনায় এবার শেয়ারের সংখ্যা দ্বিগুণ করার কথা জানিয়েছেন তিনি।
বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু স্পেসএক্সের দু’টি শেয়ার পাবে। এর একটি দেবে প্রতিষ্ঠানটি, অন্যটি আমি ব্যক্তিগতভাবে দেবো।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মাস্ক জানান, স্পেসএক্সের পক্ষ থেকে দেয়া শেয়ারটি আগামী মাসে এবং তার ব্যক্তিগত শেয়ারটি আগামী বছরের জুনে শিশুদের হাতে তুলে দেয়া হবে। তবে কীভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শেয়ারগুলো বিক্রি না করে ধরে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাস্ক। তার মতে, স্পেসএক্স যদি ‘বহু গ্রহে মানুষের বসতি গড়ে তোলা এবং সূর্যের শক্তির অন্তত দশ লাখ ভাগের এক ভাগ কাজে লাগানোর’ লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে প্রতিষ্ঠানটির মূল্য বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রায় ১০ লাখ গুণ হতে পারে।
তিনি বলেন, ‘এগুলো নিঃসন্দেহে অত্যন্ত কঠিন লক্ষ্য। তবে সেগুলো অর্জনের পথ রয়েছে।’
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। সে সময় তিনি বলেছিলেন, ‘এটি হবে এমন আরো অনেক উদ্যোগের প্রথমটি।’
যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় সাত কোটি ৩০ লাখ।
বুধবার শেয়ারবাজারে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে শিশুদের জন্য ঘোষিত শেয়ারের মোট মূল্য দাঁড়াবে প্রায় এক হাজার ৮৬০ কোটি ডলার।
গত জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৮৫৭০ কোটি ডলার সংগ্রহ করে স্পেসএক্স।
মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে স্পেসএক্সের বিশালাকৃতির রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত সেপ্টেম্বরে রকেটটি প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









