
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আবারও প্রতিনিধি পরিষদে তুলবেন বলে জানিয়েছেন খোদ রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি চান তিনি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু মঙ্গলবার (৩ নভেম্বর) জানায়, বুধবার ম্যাসি বলেছেন, হেগসেথ পদত্যাগ না করলে তিনি তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আবারও উত্থাপন করবেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘একটি মাত্র পরিস্থিতিতেই আমি অভিশংসনের প্রস্তাব আবার তুলব না। সেটি হলো, হেগসেথ পদত্যাগ করলে।’
সিএনএনকে ম্যাসি জানিয়েছেন, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদে ভোটাভুটির উদ্যোগ নেবেন তিনি। রিপাবলিকান দলের একাধিক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, প্রস্তাবটি পাস হতে পারে বলে তারা মনে করছে।
ম্যাসি সিএনএনকে বলেন, ‘শুধু একটি ইস্যুতে এমন খারাপভাবে নির্বাচনে হারার কথা নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অন্ধ আনুগত্যের বলয় থেকে তারা বেরিয়ে এলেই এই পরাজয় এড়ানো সম্ভব ছিল।’
সিএনএন হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অভিশংসনের উদ্যোগ এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে যেকোনো তদন্তের বিরুদ্ধে হেগসেথকে লড়াই চালিয়ে যেতে বলেছেন ট্রাম্প।
বুধবার হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছেন বলে প্রকাশিত খবরও নাকচ করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছেন, হেগসেথ ‘খুব ভালো কাজ করছেন’।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, দলীয় রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া রাজনীতিকদের চাপে হেগসেথ পিছিয়ে যাবেন না বা দমে যাবেন না। তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রতিরক্ষা দফতরের নেতৃত্ব দেয়ার ব্যাপারে মন্ত্রী হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








