
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে হারাতে ইসরাইলপন্থী লবি সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) ৩ কোটি ৯০ লাখ ডলার খরচ করেছে। এ তথ্য জানিয়েছেন স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর ভাষায়, এই অর্থের পরিমাণ ‘অবিশ্বাস্য’।
মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণের দিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্যান্ডার্স এ কথা বলেন। মিশিগানের সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স।
মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবদুল এল-সাইয়েদ একজন চিকিৎসক। ইসরাইলের নীতির, বিশেষ করে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার কড়া সমালোচক তিনি। ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধেরও দাবি জানিয়েছেন। তাঁর প্রতি সমর্থন রয়েছে বার্নি স্যান্ডার্সসহ কয়েকজন প্রগতিশীল রাজনীতিকের।
স্যান্ডার্সের মন্তব্য, ‘ওদের হাতে টাকা আছে,
আমাদের পাশে আছে জনগণ’
মিডলইস্ট মনিটর বুধবার (৪ নভেম্বর) জানায়, স্যান্ডার্স তাঁর পোস্টে বলেন, ‘ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে আবদুল এল-সাইয়েদের বিরুদ্ধে আইপ্যাক ৩ কোটি ডলার খরচ করেছে। এরপর মাইক রজার্সকে সমর্থন দিতে আরো ৯০ লাখ ডলার ঢেলেছে।’
স্যান্ডার্স আরো বলেন, ‘তবে সুখবর হলো, আইপ্যাকের এই তৎপরতার জবাবে সাধারণ মার্কিন নাগরিকেরা আবদুলের নির্বাচনী প্রচারে ১ কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছেন।’
তিনি বলেন, ‘ওদের হাতে টাকা আছে, আমাদের পাশে আছে জনগণ। চলুন, জয় ছিনিয়ে আনি।’
মিশিগানের সিনেট আসনটি নিয়ে এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। গত আগস্টে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে দলীয় মনোনয়ন পান এল-সাইয়েদ। ওই নির্বাচনে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্সকে পরাজিত করেন। ইসরাইলপন্থী বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে স্টিভেন্স বিপুল অর্থসহায়তা পেয়েছিলেন।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে স্টিভেন্সকে সমর্থন এবং এল-সাইয়েদের বিরোধিতায় আইপ্যাকের স্বতন্ত্র রাজনৈতিক তহবিল সংগ্রহকারী কমিটি ৩ কোটি ডলারের বেশি ব্যয় করে। পরে সাধারণ নির্বাচনে মাইক রজার্সকে সমর্থন দেয়া একটি রাজনৈতিক গোষ্ঠীকে প্রায় ৯০ লাখ ডলার দেয় সংগঠনটি।
এতকিছু সত্ত্বেও আবদুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








