
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লাখ লাখ ভোটার যখন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, তখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত তিন মার্কিন নভোচারীও ভোট দিয়েছেন। পৃথিবী থেকে কয়েক শ মাইল ওপরে কক্ষপথে থেকেই তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (৪ নভেম্বর) এ খবর জানায়। নাসার নভোচারী অনিল মেনন যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে মহাকাশ থেকে ভোট দেয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, পৃথিবীতে অবস্থানরত ভোটারদের মতো তাঁরাও কক্ষপথে থেকে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।
ভিডিওতে মেনন তাঁর মহাকাশ স্টেশনের আবাসিক কক্ষের একটি ছোট জায়গা দেখান। সেখানেই ভোট দেয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। মেনন বলেন, ‘মহাকাশ স্টেশনে থাকা তিন মার্কিন নভোচারীরই ভোট দেয়ার সুযোগ হয়েছে। আমরা ইলেকট্রনিক ব্যালটে ভোট দিয়েছি এবং নিরাপদ ব্যবস্থায় তা নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি।’
মেননের সাথে নভোচারী জেসিকা ওয়াটকিন্স ও লুক ডিলানিও ইলেকট্রনিক ব্যালটে ভোট দিয়ে তা নিরাপদে যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠান।
ভোট দেয়ার পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় নাসার যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে। মহাকাশ স্টেশন থেকে প্রথমে ব্যালট পাঠানো হয় পৃথিবীর নিয়ন্ত্রণকেন্দ্রে। সেখান থেকে ব্যালট সংশ্লিষ্ট কাউন্টির নির্বাচনী দফতরে পাঠানো হয়। ব্যালটের তথ্য যাতে সংশ্লিষ্ট নভোচারী ও অনুমোদিত নির্বাচনী কর্মকর্তারা ছাড়া অন্য কেউ তা দেখতে না পারেন সে জন্য এনক্রিপ্ট বা সংকেতাবদ্ধ করে করে রাখা হয়।
১৯৯৭ সাল থেকে মার্কিন নভোচারীদের মহাকাশে বসে ভোট দেয়ার সুযোগ রয়েছে। ওই বছর টেক্সাসে একটি আইন পাসের মাধ্যমে কক্ষপথে অবস্থানরত নাসার নভোচারীদের ভোট দেয়ার অধিকার নিশ্চিত করা হয়। মহাকাশ থেকে ভোট দেয়া প্রথম মার্কিন নভোচারী ছিলেন ডেভিড উলফ। রাশিয়ার মির মহাকাশ স্টেশনে অবস্থানকালে তিনি প্রথম এই অধিকার প্রয়োগ করেন।
মহাকাশ থেকে ভোট দেয়ার ইতিহাস অবশ্য আরো পুরোনো। ১৯৯৬ সালের ১৬ জুন রাশিয়ার দুই মহাকাশচারী ইউরি ওনুফ্রিয়েঙ্কো ও ইউরি উসাচেভ মির মহাকাশ স্টেশনে অবস্থানকালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। মহাকাশ থেকে নির্বাচনে ভোট দেয়ার প্রথম ঘটনা ছিল এটি।
এর পরের বছর, ১৯৯৭ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে মির মহাকাশ স্টেশন থেকে ভোট দেন মার্কিন নভোচারী ডেভিড উলফ। তবে তিনি ভোট দিয়েছিলেন নির্বাচনের দিনটির আগেই। মহাকাশ থেকে ভোট দেয়া প্রথম মার্কিন নভোচারী হিসেবে ইতিহাসে তাঁর নাম লেখা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








