ফ্লাভিও বলসোনারো, ব্রাজিল, আর্জেন্টিনা, কূটনীতিক, তলব, ব্রাজিল,
মিয়ামিতে পৌঁছানোর পর বিমান থেকে নামছেন ফ্লাভিও বলসোনারো। সংগৃহীত

ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারোর দেশ ছাড়ার ঘটনায় আর্জেন্টিনা সরকারের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ব্রাজিল। এ জন্য দেশটিতে নিযুক্ত আর্জেন্টিনার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারিয়া এমিলিয়া কর্তেসকে তলব করেছে ব্রাজিল সরকার।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া ৩১ অক্টোবর এ খবর জানিয়েছে।

ফ্লাভিও বলসোনারো লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২৫ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি পরাজিত হন। বুধবার পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। বিমানটি আর্জেন্টিনা থেকে যাত্রা করে ইকুয়েডরে যাত্রাবিরতি দিয়েছিল।

আর্জেন্টিনা সরকারও নিশ্চিত করেছে, ব্রাজিলের এই সিনেটর পরিবারের সদস্যদের নিয়ে দেশটির ভূখণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমানে ব্রাজিল ত্যাগ করেন। মঙ্গলবার রাতে বিমানটি যাত্রা করে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন পর তিনি দেশ ছাড়েন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানী ব্রাসিলিয়ার ইতামারাতি প্রাসাদে মারিয়া এমিলিয়া কর্তেসের সাথে বৈঠক হয়। প্রাসাদটি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সমালোচনা করেছিলেন। একই সময়ে তিনি ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থনও জানিয়েছিলেন। আর্জেন্টিনার কূটনীতিককে তলবের পেছনে মাইলেইয়ের ওই বক্তব্যও একটি কারণ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।