
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার নতুন পরিকল্পনা নিয়ে ভাবছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এসব হামলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা ‘সকল বোমার জননী বোমা’ ব্যবহারের কথাও বিবেচনা করা হচ্ছে। তবে এই বোমা দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার পাশাপাশি নাতাঞ্জের কাছে পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ স্থাপনাটিও হামলার লক্ষ্য হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সন্দেহ, সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির উপাদান মজুত রয়েছে।
জিবিইউ-৪৩/বি মোয়াব নামের এই বোমাটি বিশাল এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তবে গ্রানাইটের পুরু স্তরের নিচে থাকা স্থাপনা ধ্বংস করার মতো গভীরে এটি প্রবেশ করতে পারবে কি না, সে প্রশ্ন রয়েছে। এই বোমার বিস্ফোরণে বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কাও রয়েছে। যুক্তরাষ্ট্র ২০১৭ সালে আফগানিস্তানে প্রথমবারের মতো বোমাটি ব্যবহার করেছিল।
ট্রাম্পের প্রশাসন এমন সামরিক পদক্ষেপের কথাও ভাবছে, যার পর যুদ্ধ শেষ হয়েছে ঘোষণা দিয়ে মার্কিন সেনা ফিরিয়ে নেয়া সম্ভব হবে। তবে ইরানে নতুন করে হামলা চালিয়ে তেহরানকে কূটনৈতিক সমঝোতায় বাধ্য করা যাবে কি না, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। হরমুজ প্রণালী আবারো খুলে দেয়ার মতো সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রাখতে চাইছে ওয়াশিংটন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








