
নাশকতার পরিকল্পনার সন্দেহে চলতি মাসের শুরুতে ৬১ জন মরক্কোর নাগরিককে গ্রেফতার করেছে আলজেরিয়া কর্তৃপক্ষ। রোববার এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আলজেরিয়ার জাতীয় নিরাপত্তা অধিদফতর (ডিজিএসএন) একটি ‘আন্তর্জাতিক মরক্কোর অপরাধী চক্রের’ কথা উল্লেখ করেছে। তবে কথিত নাশকতার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ডিজিএসএন জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মরক্কোর সেনাবাহিনীর একজন সাবেক সদস্যও রয়েছেন। তারা নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
অধিদফতরটি আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তিরা প্রতিবেশী তিউনিসিয়ার সাথে সীমান্তবর্তী পাহাড়ি পথ দিয়ে আলজেরিয়ায় প্রবেশ করেছিলেন।
বহু বছর ধরে আলজেরিয়া ও মরক্কোর সম্পর্কের টানাপোড়েন চলছে। ১৯৯৪ সাল থেকে দেশ দুটির স্থলসীমান্ত বন্ধ রয়েছে। ২০২১ সালে আলজিয়ার্স মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
পশ্চিম সাহারা ইস্যুতে দীর্ঘদিন ধরে দেশ দু’টির মধ্যে বিরোধ চলছে।
খনিজ সম্পদে সমৃদ্ধ সাবেক স্প্যানিশ উপনিবেশ পশ্চিম সাহারা ১৯৭৫ সাল থেকে মূলত মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসঙ্ঘ অঞ্চলটিকে শাসনবিহীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।
রাবাত পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। অন্যদিকে, আলজেরিয়া অঞ্চলটির স্বাধীনতাকামী পলিসারিও ফ্রন্টকে সমর্থন করে। পলিসারিও ফ্রন্টের দাবি, পশ্চিম সাহারার জনগণকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








