সড়ক দুর্ঘটনা, নেকবর আলী সরকার, কাইয়ুম দেওয়ান, আহত, হাশেম বেপারী
দুর্ঘটনাকবলিত বালুবাহী পিকআপ ভ্যানটি। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামানন্দ গ্রামের মরহুম লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা গ্রামের মরহুম শহর আলী দেওয়ানের ছেলে মো: কাইয়ুম দেওয়ান (৭৫)।

অন্যদিকে এ ঘটনায় আহত ব্যক্তি হলেন একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে হাশেম বেপারী (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদ এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন।

পরে দুপুরে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকালে সিরাজদিখান থানার লতব্দী ইউনিয়নের গয়াতলা মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে বসে থাকা তিনজনের ওপর হলুদ রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হাশেম বেপারী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।