মুজাহিদ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, হোটেল কর্মচারী, দিয়াবাড়ি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পানি তোলার মোটর, ময়নাতদন্ত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর তুরাগে একটি রেস্টুরেন্টের বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের আই ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের ছেলে। তিনি পেশায় হোটেলকর্মী ছিলেন।

হাসপাতালে মুজাহিদের সাথে আসা সহকর্মী বিশ্বজিৎ জানান, রাত সাড়ে ১২টার দিকে মুজাহিদ অন্য সহকর্মীদের সাথে রেস্টুরেন্টের বাইরের অংশ পানি দিয়ে পরিষ্কার করছিলেন। এ সময় পানি তোলার মোটর থেকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।