মোবাইল ফোন বিস্ফোরণ
রায়পুরে মোবাইল বিস্ফোরণে আহত রুবেল হোসেন ও সাকিল আহমেদ। নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোনে গেম খেলার সময় হঠাৎ ফোন বিস্ফোরিত হয়ে দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খেজুরতলা এলাকায় একটি বিলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবেল হোসেনের (২০) একটি চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত সাকিল আহমেদকে (১৯) চাঁদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুবেল হোসেন চরবগা গ্রামের কবির হোসেনের ছেলে এবং সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে। তারা দুজন পরস্পর প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল ও সাকিল পৌরসভার খেজুরতলা এলাকার একটি বিলের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। খেলা চলাকালে হঠাৎ বিকট শব্দে তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে দুজনই রক্তাক্ত ও আহত হন। 

ঘটনার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: মামুনুর রশিদ পলাশ জানান, আহত রুবেলের একটি চোখের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির সাকিব জানান, খেজুরতলা এলাকায় বিলের পাশে বসে দুই বন্ধু মোবাইল ফোনে গেম খেলার সময় ঘটনাটি ঘটে। বিস্ফোরিত ফোনটি ‘রেডমি’ ব্র্যান্ডের ছিল বলে জানা গেছে।

এদিকে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউছুফ জালাল কিসমত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে মোবাইলটি কোন ব্র্যান্ডের ছিল বা কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মুঠোফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
‎