সড়ক দুর্ঘটনা
সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫। নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরো ৫ জন। 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত নয়া খালের মুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো: রিয়াদ (১৮) ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭)। রিয়াদ পেশায় একজন টাইলসমিস্ত্রি এবং রিগেন গাজী গ্রুপে কর্মরত।

এ সময় আহতরা হলেন উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনেয়াবাদ এলাকার পরিমল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার (২০), অটোরিকশাচালক চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের নাসির মোহাম্মদ এলাকার আবদুর আমিরের ছেলে মো: বাহাদুর (২৬)।

গুরুতর আহত বাহাদুরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও প্রণয়কে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর দুই আহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১৪০৯) অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চন্দনাইশমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক ও স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা ও সাতকানিয়া থানা পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ‘ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় কেরানীহাট এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ছাড়া নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।‘