বুলগেরিয়ায় অস্ত্রাগারে ফের বিস্ফোরণ: রাতের আকাশে ভয়াবহ আগুন

চারেভা লিভাদা গ্রামের কাছে অবস্থিত একটি অস্ত্রাগারে আগুনটি লাগে। স্থানীয়ভাবে সম্প্রচারিত ভিডিওতে রাতের আকাশে আগুনের তীব্র শিখা জ্বলতে দেখা যায়।

নয়া দিগন্ত অনলাইন
বুলগেরিয়ার একটি  অস্ত্রাগার থেকে আগুন ও ধোঁয়া উঠছে
বুলগেরিয়ার একটি অস্ত্রাগার থেকে আগুন ও ধোঁয়া উঠছে |রয়টার্স

মধ্য বুলগেরিয়ার একটি অস্ত্র গুদামে গভীর রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটির কোনো সামরিক গোলাবারুদ সুবিধাকেন্দ্রে এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চারেভা লিভাদা গ্রামের কাছে অবস্থিত একটি অস্ত্রাগারে আগুনটি লাগে। স্থানীয়ভাবে সম্প্রচারিত ভিডিওতে রাতের আকাশে আগুনের তীব্র শিখা জ্বলতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাবরোভো অঞ্চলের গভর্নর ক্রিস্তিনা সিদোরোভা শনিবার ভোরের দিকে সাংবাদিকদের বলেন, "বর্তমানে আগুন কারখানার গুদাম এলাকার ভেতরে রয়েছে এবং তা এক গুদাম থেকে অন্য গুদামে ছড়িয়ে পড়ছে।"

কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি ‘ইএমসিও’ নামক একটি প্রতিষ্ঠানের অধীন, যেখানে গত মাসেও অন্য একটি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। বার্তা সংস্থা রয়টার্স তাত্ক্ষণিকভাবে ইএমসিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো প্রতিক্রিয়া পায়নি। ইএমসিও প্রতিষ্ঠানটি পরিচালনা করেন বুলগেরীয় অস্ত্র ব্যবসায়ী এমিলিয়ান গেব্রেভ। বুলগেরীয় প্রসিকিউটরদের অভিযোগ, অতীতে রাশিয়ান গোয়েন্দারা তার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল। ২০২৪ সালে বুলগেরিয়া ছয়জন রুশ নাগরিকের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাদের বিরুদ্ধে ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে ইএমসিওর বেশ কিছু অস্ত্র ডিপো ধ্বংসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। ওই ডিপোগুলোতে ইউক্রেন ও জর্জিয়ায় রপ্তানির জন্য গোলাবারুদ রাখা ছিল।

তদন্তকারীদের মতে, বুলগেরিয়ার এসব গুদামে বিস্ফোরণ, ২০১৫ সালে গেব্রেভকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা এবং ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে মেলবন্ধন রয়েছে। তবে রাশিয়া এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে।