৪০ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে ইতালিতে আটকে পড়া বিমান

রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট |সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, ফ্লাইটটি আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

বিমানের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় মেরামত, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা যাত্রার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সেখান থেকে উড়তে পারছিল না। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার রাতে জানান, ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ যাত্রীকে রোমের বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছিল। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়।

তিনি জানান, অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী ও শিশুদের বিশেষ যত্ন নেয়া হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধেরও ব্যবস্থা করা হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথের সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একইসাথে ঢাকায় সংশ্লিষ্টদের সাথে নিয়মিত সমন্বয় করা হয়।

দীর্ঘ সময়ের এ বিঘ্নের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেলে থাকা, খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান করে।

সূত্র : বাসস