আদানির বন্ধ থাকা ২ নম্বর ইউনিট চালু, ফের বিদ্যুৎ সরবরাহ শুরু বাংলাদেশে

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো: নাহিদ হাসান বাসস’কে জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
আদানির বন্ধ থাকা ২ নম্বর ইউনিট পুনরায় চালু হয়েছে
আদানির বন্ধ থাকা ২ নম্বর ইউনিট পুনরায় চালু হয়েছে |ফাইল ছবি

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারো বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি জাতীয় গ্রিডে যুক্ত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো: জহুরুল ইসলাম জানান, ইউনিটটি পুনরায় চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো: নাহিদ হাসান বাসস’কে জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

তিনি জানান, কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট রয়েছে। সেগুলো থেকে ৮০০ মেগাওয়াট করে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আদানি।

সূত্র : বাসস