জাবিতে নারী শিক্ষার্থীর ওপর নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেইল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে ওই ছাত্রীকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ।

রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ প্রাঙ্গণে প্রথমে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করেন তারা।

ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ‘এই ঘটনায় যথোপযুক্ত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।’

লোকপ্রশাসন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন, ‘সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীদের যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার রাতেই বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন। ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা ভুক্তভোগীর মানসিক ট্রমা আরো বাড়িয়ে দিচ্ছে।’

এ অবস্থায় পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ অভিযুক্তের সনদপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেইল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে ওই ছাত্রীকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।