নরসিংদীর মাধবদীতে ৪০ বছর বয়সী চার সন্তানের জননী এক নারীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার এজহারে উল্লেখ করা প্রধান অভিযুক্ত হৃদয় মিয়াকে (৩০) গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকার একটি পুকুরপাড়ে কতিপয় চার যুবক ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করেছে বলে মাধবদী থানায় লিখিত অভিযোগে জানান ভুক্তোভোগী ওই নারী।
মামলার বিবরণে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী এলাকার স্থায়ী বসিন্দা ওই নারী নরসিংদীর মাধবদী থানার মেন্ডাতলা এলাকায় ভাড়ায় থাকতেন। গত কয়েকদিন ধরেই স্বামী পরিত্যক্তা নারীর সাথে মোবাইলফোনে যোগাযোগ করত হৃদয় মিয়া। গতকাল ওই নারী তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী আড়াইহাজারে শপিং করতে গিয়েছিলেন। কথোপকথনের জেরে হৃদয় বিষয়টি জানতে পেরে তার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন।
পরে হৃদয়ের ডাকে সারা দিয়ে রাতে মাধবদী থানার কাঠালিয়ার একটি পুকুরপাড়ে দেখা করেন ওই নারী। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা হৃদয়ের আরো তিন সহযোগী মিলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে তার মোবাইলফোন ও নগদ আট শ’ টাকা কেরে নিয়ে পালিয়ে যায় চক্রটি।
প্রথমে আড়াইহাজার থানায় গেলেও পরে মাধবদী এলাকা হওয়ায় শুক্রবার সকালে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মামলা দায়েরের পরই তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতার হৃদয় মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।



