মিরসরাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশের পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্ত তিন আসামি। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান তারা। পরে ঘটনা জানাজানি হলে কোনো ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করেন আসামিরা।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা ইমাম হোসেন
ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা ইমাম হোসেন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে, ধর্ষণের ঘটনায় কিশোরীর মা শনিবার (৩১ জানুয়ারি) রাতে তিনজনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন— ইমাম হোসেন (২৫), হৃদয় (২৫) ও রানা (২৭)।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশের পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্ত তিন আসামি। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান তারা। পরে ঘটনা জানাজানি হলে কোনো ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করেন আসামিরা। তবে শনিবার রাতে ওই তিন অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর মা।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে ইমাম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।