ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি রপ্তানিমুখী ব্লেজার ও স্যুট তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সাব-স্টেশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত ‘অ্যাডভান্সড অ্যাটায়ার লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র ডাকাত দল গভীর রাতে কারখানায় প্রবেশ করে। তারা ধারালো দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ফেলে এবং পরে তাদের আটকে রাখে।
এরপর ডাকাতরা কারখানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও কম্পিউটার লুট করে নিয়ে যায়।
কারখানার এক কর্মী মো. সুমন হোসেন ও দুই নিরাপত্তাকর্মী জানান, ডাকাতরা রামদা ও চাপাতি নিয়ে তাদের জিম্মি করে রাখে। সবাই মুখোশ পরিহিত থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান রাকিব বলেন, “জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা সাব-স্টেশনের মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লুট হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনার পর সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।



