ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ

বাউফলকে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে ইমাম ও খতিবগণকে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি |নয়া দিগন্ত

বাউফলের সার্বিক সংস্কার ও সামাজিক পুনর্গঠনে ইমাম–খতিবদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদরাসার অধ্যক্ষ–সুপারদের এক জনাকীর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, ‘বাউফলকে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে ইমাম ও খতিবগণকে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।’

ড. মাসুদ তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় সদা সতর্ক থাকেন, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইমাম–খতিবগণ মসজিদের খুতবা ও আলোচনার মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে পারেন।’

মাদক নির্মূলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, ‘আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক। প্রকৃত এমপি হলেন বাউফলের সাড়ে চার লাখ জনগণ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধান্দী কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও সুপার মোহাম্মদ ফারুক হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপার মো. নুরুন্নবী। সমাবেশে বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম–খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ–সুপারসহ কয়েক সহস্রাধিক সুধীজন অংশগ্রহণ করেন।