যশোর বোর্ডে পুনঃনিরীক্ষণে এসএসসিতে পাস বাড়ল ৩৮০

যশোর বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে ১,৬৮৪ জনের ফল পরিবর্তন হয়েছে; এতে নতুন করে ৩৮০ জন পাস ও ৭৫২ জন জিপিএ-৫ পেয়েছে।

এম আইউব, যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড |সংগৃহীত

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড।পুনঃনিরীক্ষণের পর বোর্ডে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছে পরবর্তী গ্রেড ও জিপিএ-৫।

পুনঃনিরীক্ষণের আগে ‘এফ’ গ্রেড (ফেল) পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছে একজন, ‘এ মাইনাস’ গ্রেড পেয়েছে তিনজন, ‘বি’ পেয়েছে ৩৩ জন, ‘সি’ গ্রেড পেয়েছে ১৯ জন, ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩২৪ জন।

খাতা পুনঃনিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘এ’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে। এছাড়া আগে ‘এ’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘বি’ গ্রেড পাওয়া দুই পরীক্ষার্থীও পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছে।

পুনঃনিরীক্ষণের ফলে ‘এ’ মাইনাস থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া ‘বি’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে ১২ জন। ‘বি’ থেকে ‘এ’ মাইনাস পেয়েছে ১৫০ জন। ‘সি’ থেকে ‘এ’ পেয়েছে একজন। ‘সি’ থেকে ‘এ’ মাইনাস পেয়েছে একজন। ‘সি’ থেকে ‘বি’ পেয়েছে ৬৫ জন। ‘ডি’ থেকে ‘এ মাইনাস’ পেয়েছেন একজন এবং ‘ডি’ থেকে ‘সি’ পেয়েছে ১৪ জন।