মিরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো: আনোয়ারকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার খান সিটি সেন্টার এলাকা থেকে র্যাব-৭ (চট্টগ্রাম)-এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আনোয়ার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৬ বছরের শিশু চম্পা (ছদ্মনাম) তাদের পাশের বাড়ির মো: আনোয়ারের ছেলের সাথে খেলতে তাদের ঘরে যায়। দীর্ঘক্ষণ সন্তানের নাম ধরে ডাকাডাকি করেও তার মা কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশী মো: আনোয়ারের দরজা ধাক্কা দিয়ে খুললে চম্পা কান্না করতে করতে মো: আনোয়ারের ঘর থেকে বের হয়ে আসে।
এ সময় চম্পার পরনের পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তার মা। চম্পার বিষয়ে তার মা আনোয়ারকে জিজ্ঞেস করলে তিনি একটি রামদা নিয়ে ঘর থেকে বের হয়ে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে চম্পার মা চম্পাকে নিয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা ১৩ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতার আসামি আনোয়ারকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো: আনোয়ারকে গ্রেফতার করে র্যাব-৭ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে পাঠানো হবে।’



