ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এ উপলক্ষে শনিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দড়িখরবোনা মোড় হয়ে কাদিরগঞ্জ ও গ্রেটার রোড প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক।
এ সময় মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে রাসিক যথাযথভাবে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টিতে নগরবাসীর মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপির উপ-পুলিশ কমিশনার মো: গাজিউর রহমানসহ অন্যান্য কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাসাস মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী ও সদস্য সচিব সেলিম রেজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।



