
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর সদস্যরা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এসআরবি-১০ -এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার লৌহজং উপজেলার মৌছা এলাকায় একটি অভিযান পরিচালনা করে এসআরবি-১০।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে মৌছা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি অনাবাদি বালুর মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








